পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সাফল্যে জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
সিরিজ জয়ের পর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো বিজয় ছিনিয়ে আনা সম্ভব।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। তরুণ ক্রিকেটারদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
মিরপুরের গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ের ফলে ঘরের মাঠে আরও একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।


