প্রথমবারের মতো অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতল নরওয়ের কোনো সিনেমা। চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভেল্যু’-এর মাধ্যমে এই সম্মান অর্জন করে নতুন ইতিহাস গড়লো দেশটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৯৮তম অস্কারের আসরে ছবিটি ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কার জিতে নেয়। এর আগে নরওয়ের সাতটি চলচ্চিত্র এই বিভাগে মনোনয়ন পেলেও কোনোটি পুরস্কার জিততে পারেনি।
ছবিটি পরিচালনা করেছেন নরওয়ের নির্মাতা জোয়াকিম ত্রিয়ের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্টেলান স্কারসগার্ড, যিনি একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, তার সঙ্গে প্রাপ্তবয়স্ক দুই মেয়ের দূরত্বপূর্ণ সম্পর্ক।
পুরস্কার গ্রহণের সময় পরিচালক জোয়াকিম ত্রিয়ের বলেন, এ বছরের মনোনীত চলচ্চিত্রগুলো আমাদের বর্তমান সংকট এবং অতীতের সংকটকে প্রতিফলিত করে এমন গুরুত্বপূর্ণ ও সুন্দর গল্প তুলে ধরেছে।
বক্তব্যের শেষদিকে তিনি মার্কিন লেখক জেমস বল্ডউইনের একটি ভাবনার উল্লেখ করে বলেন, “সব প্রাপ্তবয়স্ক মানুষই সব শিশুর জন্য দায়ী। তাই আমাদের এমন রাজনীতিবিদদের ভোট দেওয়া উচিত নয়, যারা এই দায়িত্বকে গুরুত্ব দেয় না।”
এদিকে অনুষ্ঠানে পুরস্কার উপস্থাপন করতে এসে অভিনেতা জাভিয়ের বারদেম মঞ্চে ওঠার সময় “ফ্রি প্যালেস্টাইন” বলায় দর্শকদের কাছ থেকে জোরালো করতালি পান।
এ বিভাগে ‘সেন্টিমেন্টাল ভেল্যু পরাজিত করেছে ইট ওয়াজ অ্যান এক্সিডেন্ট, দ্য সিক্রেট এজেন্ট এবং দ্য ভয়েস অব হিন্দ রজব এর মতো গেল বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রগুলোকে।








