বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের বর্তমান সংবিধানে দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের মানুষের সাথে সাংঘর্ষিক যে ধারাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত। নতুনভাবে সাজানো উচিত। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যেনো কাজটি তাদের জায়গা থেকে করেন।
রোববার ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরে ঢাকা বিভাগের প্রথম জেলা হিসেবে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ঐতিহ্যবাহী জামতলায় হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সম্রাজ্যে সম্রাজ্যে, দেশে দেশে, জাতিতে জাতিতে, যতো বিভাজন হয়েছে। যতো ধংসযজ্ঞ ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে। সেটি হচ্ছে ঐক্য ভেঙে দেওয়া। তিনি সবাইকে দেশের স্বার্থে একতাবদ্ধ থাকার আহবান জানান।
এর আগে সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল সকালে মুন্সিগঞ্জ পৌঁছায়। পরে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আন্দোলনে নিহত ৯ জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। মতবিনিময় করেন স্থানীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে।








