রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের চুক্তিতে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। সে সময় তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ নতুন করে আবারও তাকে একই পদে নিয়োগ দেওয়া হলো।
সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে দায়িত্ব পালনকালে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।








