মঞ্চ নাটক দিয়ে শুরু হলেও মেহরান সানজানা এখন ব্যস্ত ওটিটির কাজ নিয়ে। বড়পর্দাতেও পাচ্ছেন কাজের সুযোগ। তবে এরমধ্যেই অভিনয় ক্যারিয়ার নিয়ে কিছুটা ক্ষোভও কাজ করছে এই অভিনেত্রীর মনে। যারই বহিঃপ্রকাশ অভিনেত্রীর এক ‘ফেসবুক পোস্ট’!
রবিবার এক পোস্টে সানজানা তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি কথা বলেছেন ‘টাইপ কাস্টিং’ নিয়ে। তার অভিযোগ, ক্যারিয়ারে শুরুর দিকে ‘গৃহকর্মী’ চরিত্রে ভালো করায় পরবর্তীতেও সবাই তাকে এমন চরিত্রে কাজে নিতেই বেশী আগ্রহী! এসময় সানজানা কাস্টিং ডিরেক্টর থেকে পরিচালক, সবার মানসিকতা পরিবর্তনেরও আহ্বান জানান।
ক্ষোভ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “অনেক ক্ষোভ নিয়ে টাইপ করছি। বিষয়টা অনেকদিন থেকে আমাকে ডিপ্রেশনে রেখেছে। আজ খোলাশা করছি। প্রথমেই বলে নেই, প্রত্যেকটা চরিত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যে চরিত্রেই কাজ করি না কেনো, প্রথমে আমি আমার চরিত্রের ডেপথটা দেখি, কাজ করার জায়গা আছে কিনা সেটা দেখি। স্ক্রিপ্ট দেখার পর আমি নিজেকে ওই চরিত্রে রুপায়ন করি, এবং শুটিং এ যাওয়ার আগে মাথায় গেঁথে নেই যে কোন দৃশ্যে আমি কেমন অভিনয় করবো। কিন্তু সেটা সেটে যাওয়ার পর আর হয়ে ওঠে না কারণ ডিরেক্টর যেমন চায় আমি তেমনটাই দিতে বাধ্য থাকি।
সানজানান লিখেন,“গৃহকর্মীর চরিত্রে প্রথম কাজ করি ‘কাইজার’ ওয়েব সিরিজে, সেই থেকে আমাকে সবাই গৃহকর্মী চরিত্রে কল করা শুরু করে। আমিও করি, আমার করার কারণ, এটা আমি না করলে কেউ না কেউ করবেই। তাছাড়া চরিত্র তো চরিত্রই! কিন্তু এখন আমি পুরো বিরক্ত। একই চরিত্রে বারবার আমাকে দিয়ে করানো হচ্ছে। আমি নিজেকে অন্য চরিত্রে নিতে পারছি না। নিজেকে ভাঙ্গতে পারছি না, অথবা ভাঙ্গতে দেয়া হচ্ছে না। বলতে বাধ্য হচ্ছি ডিরেক্টররা আমাকে মিস ইউজ করছে। আমি শুধু মাত্র গৃহকর্মী চরিত্র ডিজার্ভ করি না।”
আগামিতে আর ‘গৃহকর্মী’র চরিত্রে কাজের প্রস্তাব এলেও অভিনয় করবেন না জানিয়ে সানজানা লিখেন,“আমি আর কোনদিন গৃহকর্মী চরিত্রে অভিনয় করবো না। আমার লিস্টে যুক্ত থাকা সকল কাস্টিং ডিরেক্টর এবং ডিরেক্টরদের বলছি, আমাকে গৃহকর্মী চরিত্রে কখনো কল করবেন না। এতে যদি আমি কাজ না পাই তো না পেলাম। আমার প্রচুর কাজ দরকার নাই, একটা কাজ এবং একটা ভালো তুরক চরিত্র দরকার। এমন কোন চরিত্র থাকলে আমাকে কল করবেন, এছাড়া কল করবেন না। কালো বলে গৃহকর্মী চরিত্র দিবেন এই মানসিকতা বদলান। বাংলাদেশের ৮০% ডিরেক্টরদের মানসিকতা বদলানো অতি প্রয়োজন হয়ে পড়েছে।”
সানজানার এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সহকর্মী থেকে তার বন্ধুরাও। নির্মাতা মানজারে হাসীন থেকে নাজনীন চুমকি, জয়িতা মহলানবিশের মতো অভিনেত্রীরাও সানজানার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করছেন।








