ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাছাকাছি এলাকায় বিস্ফোরণের আতংকে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’- এর প্রধান আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, কেন্দ্রটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সেখানে নতুন দুটি রিয়্যাক্টর নির্মাণের কাজ আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় কর্মীদের সেখানে থাকা নিরাপদ নয়।
লিখাচেভ জানান, বিদ্যমান রিয়্যাক্টরে প্রায় ৭২ টন পারমাণবিক জ্বালানি রয়েছে এবং সাইটটিতে আরও প্রায় ২১০ টন ব্যবহৃত জ্বালানি সংরক্ষিত আছে, যা মিলিয়ে বিপুল পরিমাণ বিভাজ্য উপাদান রয়েছে।
রোসাটম শিগগিরই দ্বিতীয় দফায় তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এতে কর্মীদের পরিবারের সদস্য ও কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হবে।
তবে কেন্দ্রটির সব কর্মীকে সরানো হবে না। কিছু রুশ বিশেষজ্ঞ সেখানে থেকে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও এমন কাজ শেষ করবেন, যেগুলো থামানো সম্ভব নয়।
বর্তমানে কেন্দ্রটিতে প্রায় ৬৩৯ জন রুশ নাগরিক অবস্থান করছেন। ইতোমধ্যে কর্মীদের সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
লিখাচেভ বলেন, কয়েক মাইল দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সম্ভবত নির্দিষ্ট ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা ছিল। তবে এখন পর্যন্ত পারমাণবিক কেন্দ্র বা কর্মীদের আবাসিক এলাকায় কোনো সরাসরি হামলার ঘটনা ঘটেনি।







