রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটা পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলেই ভর্তির সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা। সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে গত দুই মাস ধরে পোষ্য কোটাসহ প্রাতিষ্ঠানিক সুবিধা বহালের দাবি তুলে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।








