একটি বেসরকারি টিভিতে প্রতিদিন সকালের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর উপস্থাপক হিসেবে নিয়মিত পর্দায় হাজির হচ্ছেন রুম্মান রশীদ খান। রবিবার (২৭ জুলাই) এই জনপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে তার একযুগ পূর্তি হলো।
২০১৩ সালের এই দিন প্রথম ‘রাঙা সকাল’-এর উপস্থাপক হিসেবে পর্দায় অভিষেক হয়েছিল রুম্মানের।
এ প্রসঙ্গে নাট্যকার, সাংবাদিক রুম্মান রশীদ খান বলেন, এই দীর্ঘ পথ চলায় দেশের বিভিন্ন অঙ্গনের প্রায় দুই হাজার অতিথির সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে।
‘রাঙা সকাল’ অনুষ্ঠানের সুবাদে দেশের বীরমুক্তিযোদ্ধা, ভাষাসৈনিকসহ কৃষিবীদ, সমাজবীদ, শিক্ষাবীদ, অর্থনীতিবীদ এবং সাংস্কৃতিক জগতের আলোকিত ব্যক্তিদের জীবন সম্পর্কে জানা, তাদের সাথে ঘন্টাব্যাপী কথা বলার অভিজ্ঞতা আমার জীবনে অনন্য অর্জন হয়ে থাকবে বলে জানান রুম্মান রশীদ খান।
তিনি বলেন, ‘রাঙা সকাল’-এর মত একটি সিগনেচার শোয়ের সাথে যুক্ত করার জন্য মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্যার এবং ‘রাঙা সকাল’ পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
মাছরাঙা টেলিভিশনের বর্তমান অনুষ্ঠান ব্যবস্থাপক (ইন-চার্জ, ক্রিয়েটিভ) রুম্মান রশীদ খান টানা ১৭ বারের মত মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেট পর্ব উপস্থাপনা করেন। এছাড়া ১০৯টি একক নাটক ও ৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন তিনি।
রুম্মান রশীদ খান জানান, খুব শিগগীরই তার সঞ্চালনায় নতুন একটি শো শুরু হতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে।








