দুর্দান্ত সেঞ্চুরিতে লর্ডসে ইংল্যান্ডকে টেস্ট জয়ের ধারায় ফিরিয়েছেন, ট্রেন্ট ব্রিজেও খেলেছেন ১৭৬ রানের ইনিংস। আছেন এবছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে। অতিমানবীয় সব পারফরম্যান্সে আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন জো রুট। মার্নাস লাবুশেনকে সরিয়ে সাদা পোশাকে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন ইংলিশ ব্যাটার।
সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় দুই ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি টাইগার ওপেনার আছেন ৩৪ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। তিন ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গেছেন কাইল জেমিসন। সুখবর পেয়েছেন তার সতীর্থ ট্রেন্ট বোল্ট। চার ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন কিউই পেসার।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ভারতের ঈশান কিষাণ। সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে ১৬৪ রান করেছেন বাঁহাতি ওপেনার। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন সাতে। ২ ধাপ পিছিয়ে ২১ নম্বরে এখন বিরাট কোহলি।
তবে কোনো ম্যাচ না খেলেই র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ। ৩ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ এখন ব্যাটিংয়ের ৩৩ নম্বরে এবং একধাপ এগোনো নাঈমের অবস্থান ২৮ নম্বরে।
টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জশ হ্যাজেলউড। একধাপ এগিয়ে ১০ম স্থানে উঠেছেন বাংলাদেশের নাসুম আহমেদ। ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে এসেছেন ভূবনেশ্বর কুমার। ৪ ধাপ পিছিয়ে ১৩তম স্থানে গেছেন আফগানিস্তানের মুজিব-উর রহমান।







