পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বয়কট থেকে ম্যাচে ফিরেছেন। ম্যাচে ফিরেই তার গোল করতে সময় লেগেছে মাত্র ১৮ মিনিট। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহ’র বিপক্ষে অধিনায়ক হিসেবে নামা ম্যাচে তার দল জিতেছে ২-০ গোলে। সৌদি আরবের পিআইএফ বিনিয়োগ সংক্রান্ত জটিলতায় অখুশি হওয়ায় দুটি ম্যাচ বর্জন করেছিলেন রোনালদো।
শুরুর একাদশে অধিনায়ক হিসেবে নামা রোনালদোর একাদশে আরও ছিলেন স্বদেশি জোয়াও ফেলিক্স, সাদিও মানে, কিংসলে কোমানসহ অন্যান্যরা। আয়মান ইয়াহহিয়ার দ্বিতীয় গোলের সুবাদে টেবিল টপার আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট দূরে আল নাসের।
সপ্তাহের শুরুতে ইএসপিএন জানতে পেরেছে যে, পিআইএফ তার প্রধান দাবি যেমন আল নাসেরের বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ নির্বাহীদের ব্যবস্থাপনা স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা ইত্যাদি পূরণ করার পর রোনালদো শনিবারের লিগ ম্যাচের জন্য মাঠে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার রোনালদোর করা গোলটি ছিল চলতি মৌসুমে লিগে তার ১৮তম গোল। গোল্ডেন বুটের দৌড়ে আল কাদসিয়ার জুলিয়ান কুইনোনেসের সমান কিন্তু আল আহলির ইভান টনির চেয়ে দুই গোল পিছিয়ে।








