আল ফায়হার বিপক্ষে এক সপ্তাহ আগে চলতি বছরের প্রথম গোলের দেখা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের সেই খেলায় পর্তুগিজ মহাতারকার সেই গোলে একমাত্র গোলের জয় পেয়েছিল আল নাসের। দ্বিতীয় লেগেও সিআর সেভেন করলেন লক্ষ্যভেদ। ঘরের মাঠে ২-০ গোলের জয়ে আসরের কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়ে গেল রোনালদোর দল।
কিং সৌদ ইউনিভার্সিটি আল আউয়াল পার্ক স্টেডিয়ামে বুধবার ম্যাচটিতে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। রেফারিকে পকেট থেকে আটবার কার্ড বের করতে হয়। অধিকাংশ সময় খেলার নিয়ন্ত্রণ আল নাসেরের দিকেই ছিল, ৭২.৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল।
আবদুল্লাহ আল খাইবারের বাড়ানো বল পেয়ে ১৬ মিনিটে হেডে নিশানাভেদ করে স্বাগতিকদের এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার ওটাভিও। ৩৭ মিনিটে অল্পের জন্য রোনালদো জালে বল ঢোকাতে পারেননি। তার নেয়া হেড পোস্টের বাঁ পাশে লেগে ফিরে আসে।
খেলা শেষের আগ মুহূর্তে ৮৬ মিনিটে রোনালদো ভক্তদের অপেক্ষার অবসান হয়। ৩৮ বর্ষী ফরোয়ার্ডের ডান পা থেকে আসে গোল, ব্যবধান হয় দ্বিগুণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের পর রোনালদো লিখেছেন, ‘কি দারুণ এক রাত! আমরা পরবর্তী পর্বে চলে এসেছি, সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ!’








