জুনের ২১ তারিখে গড়াতে চলেছে কোপা আমেরিকার আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বিশ্বজয়ী আর্জেন্টিনা। কোপার গতআসর এবং কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তেদের শিরোপা জেতাতে অনন্য অবদান রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারের কোপাতেও আর্জেন্টিনার গোলমুখ সামলাবেন। তারকা এই গোলরক্ষকে ‘মূর্খ-অসহনীয়’ বলছেন জাতীয় দল সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো।
কোপা আমেরিকা সামনে রেখে সম্প্রতি আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন রোমেরো। সেখানে মার্টিনেজকে নিয়ে এমন বলেছেন তারকা ডিফেন্ডার। সতীর্থ হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে রোমেরোর চোখে অসহনীয় মার্টিনেজ।
ক্লাব ক্যারিয়ারে মার্টিনেজ ও রোমেরো খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ৩১ বর্ষী মার্টিনেজ অ্যাস্টন ভিলায়, ২৭ বর্ষী রোমেরো টটেনহ্যামে। চলতি মৌসুমে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন দুজনে। প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্টিনেজ অসহনীয় হলেও জাতীয় দল সতীর্থ হিসেবে সেটি বেশ উপভোগ করেন রোমেরো।
‘দিবু (মার্টিনেজ) মূর্খ, প্রতিদ্বন্দ্বী হিসেবে সে অসহনীয়। তার সেরা সময় কাটাচ্ছে, আর্জেন্টাইন হিসেবে আমরা এটি উপভোগ করি। এমন একজন মানুষ, যে অনেক পেছন থেকে উঠে এসেছে। আজকে সে বিশ্বসেরা গোলরক্ষক। সেখানে তাকে দেখতে খুব ভালো লাগছে। মানুষ হিসেবেও সে মহান।’








