প্রতিপক্ষ কে সেটা দেখতে চান না রোহিত

বাংলাদেশ ক্রিকেটার রোহিতের প্রতিপক্ষের মুখোমুখি সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ
ঘরের মাঠে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি বা সূর্যকুমার যাদব সবাই দারুণ ফর্মে আছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডার কিছুটা সমস্যা দেখা দিলেও ১০০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আলাদাভাবে মনোযোগ দিতে চান না ভারতীয় অধিনায়ক।
মুম্বাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি দল এখানে এসেছে জেতার জন্য। প্রতিটি দল অন্য দলকে হারানোর জন্য প্রতিযোগিতা করছে। এটা গুরুত্বপূর্ণ উপস্থিত থেকে নিজের কাজটা করা, দলগতভাবে যেটা গুরুত্বপূর্ণ সেটা করার চেষ্টা করা। দলগতভাবে আমরা সেটাই করার চেষ্টা করছি, আমরা প্রতিপক্ষের দিকে খুব একটা তাকানোর চেষ্টা করছি না।’
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে রোহিতের জবাব, ‘সত্যি কথা বলতে এত আগে আমরা এমন কোনো চিন্তা করছি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ যে সেখানে কিভাবে ভালো করব। গত ম্যাচে আমরা যা যা করতে পারিনি, এ ম্যাচে কিভাবে করব। আমাদের লক্ষ্য থাকে ওইসব জিনিসের প্রতি, তারপর কি হবে সেই চিন্তা।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়া দিয়ে শুরু করে সবশেষ ইংল্যান্ড সবগুলো ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছে রোহিত শর্মার দল, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চোট থেকে কাল ফিরতে পারছেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও টেবিলের সাতে থাকা শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।







