টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেস পরিবহনের বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার ১০ ডাকাতকে আজ দুপুরে আদালতে তোলা হয়। এর আগে সোমবার রাতে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে আসা হয়। পরে তাদের জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়।
আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ জানান, সোমবার রাতে তাদের ঢাকা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ দুপুর সাড়ে ৩টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের রিমান্ড চাওয়া হবে কিনা, এ বিষয়ে এখনি কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, টাঙ্গাইলের মধুপুরে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি ও নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে রাজা মিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে মো. আউয়াল ও নুরনবী নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ওই তিনজন কারাগারে রয়েছেন।








