ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট দিতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকেই। এদিকে ইসির নিষেধজ্ঞার কারণে সড়কে যান চলাচল কমেছে। ফলে ভোটের আগের দিন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
তাছাড়া ইসির পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
একই সঙ্গে দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। তবে স্বাভাবিকভাবে চলার কথা থাকলেও রাজধানীতে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম দেখা গেছে।
ফলে নির্বাচনের আগের দিন রাস্তায় নেই গাড়ির চাপ। গণপরিবহন যেমন বাস, সিএনজি, রিকশা ও হাতেগোনা কিছু প্রাইভেটকার চলাচল করতে দেখা যায়। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত বা রাইডশেয়ারিংয়ের মোরটসাইকেল।
এদিকে ইসির নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
ইসির নির্দেশনায় আরও বলা হয়, স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অন্যান্য কর্তৃপক্ষ চাইলে অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা শিথিল করার ক্ষমতা রাখবেন।








