ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২০জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ জুলাই) ফজরের নামাজের পর মুকসুদপুর উপজেলার সালিনা বকসা এলাকায় এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি মো. অবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার ভোরে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহি বাসগাড়ি (ঢাকা মেট্রো ব-১৪-৪৭৩০) মুকসুদপুরের সালিনা বকসা এলাকায় পৌঁছালে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসগাড়ীর কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের স্থানীয় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের ডা. রায়হান ইসলাম শোভন বলেছেন, বাসগাড়ী দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








