অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টি-টুয়েন্টিতে অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিশাদ হোসেন। এবার তার স্বীকৃতি পেলেন বাংলাদেশি লেগ-স্পিনার। ক্রিকেট তাসমানিয়ার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন টাইগার তারকা।
বুধবার আনুষ্ঠানিকভাবে রিশাদের নাম ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। সেরার দৌড়ে রিশাদ পেছনে ফেলেছেন নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডান।
বিগ ব্যাশের প্রতিটি মৌসুমে ব্যাট-বল হাতে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে ক্রিকেট তাসমানিয়া। গত মৌসুমে হোবার্ট হ্যারিকেনসের হয়ে ১৫ উইকেট শিকার করেন রিশাদ। দলের হয়ে উইকেট শিকারের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ওভারপ্রতি ৭.৮২ রান দেন এবং তার বোলিং গড় ছিল ২০.৮৬। রিশাদের সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।
রিশাদের মনোনয়নের কারণ ব্যাখ্যা করে ক্রিকেট তাসমানিয়া নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।’








