গেল মাসে মুক্তি পাওয়া ‘রিকশা গার্ল’ সিনেমার এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে অতিথি হিসেবে থাকছে শহরের ১০০ জন রিক্সাচালক।
সিনেমাটি রিকশাচালক সংক্রান্ত গল্পের হওয়ায় এবার রিকশাচালকদের জন্য বিশেষ এই শোয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এর ডিজিটাল কনটেন্ট পার্টনার বঙ্গ।
বিশেষ এই প্রদর্শনীটি হতে যাচ্ছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে সিনেমার নির্মাতা-শিল্পীদের পাশাপাশি শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন।
অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমাটির গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।
‘রিকশা গার্ল’-এ নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
এদিকে, মুক্তির তিন সপ্তাহের মাথায় ‘রিকশা গার্ল’ উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটিতে। আসছে ১২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে সিনেমাটি।








