টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ দিয়েই মেয়াদ শেষ হয়েছে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা জনাথন ট্রটের। এবার প্রধান কোচ হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন রিচার্ড পাইবাস।
২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট। তার অধীনে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। যা দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য। ট্রটের চুক্তির মেয়াদ ছিল এবারে টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে মেয়াদ না বাড়িয়ে সাউথ আফ্রিকান কোচ পাইবাসকে নিয়োগ দিয়েছে এসিসি।
কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ রিচার্ড পাইবাসের। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে। ১৯৯৯ সালের বিশ্বকাপে ফাইনাল খেলা পাকিস্তান দলের পরামর্শকের দায়িত্বেও ছিলেন তিনি।
২০১২ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন পাইবাস। সাকিব-তামিমদের সাবেক কোচ দীর্ঘ সময় কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবীয়দের প্রধান কোচ, ডিরেক্টর অব ক্রিকেট ও হাইপারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন পাইবাস।
আফগানিস্তানের কোচ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন সদ্য নিযুক্ত এই কোচ। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানরা। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল। আগামী ১৩ মার্চ থেকে মাঠে শারজায় গড়াচ্ছে সিরিজটি।


