সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময় হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ।
রোববার ৫ এপ্রিল জেদ্দা, মক্কা ও তায়েফ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
ধর্মমন্ত্রী জানান, আগামী ১৮ এপ্রিল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজ ফ্লাইট শুরু হবে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও এবারের হজ মৌসুম গ্রীষ্মকালে হওয়ায় প্রচণ্ড গরমের আশঙ্কা রয়েছে। এ কারণে হজযাত্রীদের চলাচলের সময় ছাতা ব্যবহারসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কমিউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং মিনা ও মুজদালিফায় তাবু ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। বিশেষ করে খাদ্য সরবরাহকারী ক্যাটারিং সেবাসহ সংশ্লিষ্ট সব সার্ভিস কোম্পানিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ধর্মমন্ত্রী। পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর হজ ব্যবস্থাপনায় নেওয়া প্রস্তুতি ও মক্কায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।







