লা-লিগায় আরও একটি জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দুটি লাল কার্ড দেখেছিল রায়ো ভায়োকানো। ঘটনাবহুল ম্যাচে সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল।
রিয়ালের হয়ে গোল দুটি করেন ভিনিসিয়াস জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। ভায়োকানোর হয়ে একমাত্র গোলটি করেছেন জর্জ ডে ফ্রুটোস।
ম্যাচের ১৫ মিনিটে ভিনিসিয়াসের গোলে লিড পায় রিয়াল। বিরতির আগে ব্যবধানে পরিবর্তন আনতে পারেনি কোনো দল। বিরতির পর ৪৯ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান জর্জ।
৮০ মিনিটে দানি সেবেলাসকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ভায়োকানোর পাথে সিস। এরপর যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজকে ডি বক্সে ফাউল করেন নোবেল মেন্ডি। পেনাল্টি পায় রিয়াল, স্পট কিকে গোল করে স্বাগতিকদের ফের লিড এনে দেন এমবাপে। মিনিট তিনেক পর পেপ শেভারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ফলে লাল কার্ড দেখে উঠে যেতে হয় তাকে। শেষ অবধি ২-১ গোলে জয় নিশ্চিত করে রিয়াল।
লা লিগায় ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লসব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।








