লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়ে চলেছেন লুকা মদ্রিচ। বয়সটা ৩৮ ছুঁইছুঁই হলেও এখনও সমান তালে তরুনদের সঙ্গে লড়াই চালিয়ে যান। দারুণ ছন্দে থাকা মিডফিল্ডারের সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি বাড়াচ্ছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।
রিয়ালের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার জানায়, চলতি জুনে লস ব্লাঙ্কোসদের সঙ্গে মদ্রিচের চুক্তি শেষ হচ্ছে। তবে সেটি নবায়ন করে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
দলবদলের চলতি মৌসুমে আলোচনায় ছিল রিয়াল ছেড়ে সৌদি আরবের ক্লাব হিলালে যাবেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। জানা যায়, ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালে থাকার সিদ্ধান্তই নেন মদ্রিচ।
২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম ছেড়ে রিয়ালে আসেন মদ্রিচ। দীর্ঘ ১১ বছরে সান্তিয়াগো বার্নাব্যুতে জিতেছেন ২৩টি শিরোপা। এর মধ্যে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লিগ শিরোপা জিতেছেন। ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৪৮৮টি ম্যাচে খেলেছেন এই ক্রোয়েট তারকা।








