রিয়াল মাদ্রিদের হয়ে কাইলিয়ান এমবাপের প্রথম মৌসুমে শুরুটা ছিল হতাশার। সময় গড়ানোর সঙ্গে এমবাপেও ফিরেছেন চেনারূপে। প্রথম মৌসুম শেষ হওয়ার আগেই গোলের দিক থেকে ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ‘ভক্ত’ এমবাপের জন্য ‘সিআর সেভেন’কে ছোঁয়ার ম্যাচটি ছিল বিশেষ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপের জোড়া গোল ছাড়া একটি গোল করেছেন জুড বেলিংহ্যাম। বিপরীতে সফরকারীদের হয়ে একটি করে গোল এনেছেন ডিয়েগো গার্সিয়া ও দানি রাবা।
রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে পর্তুগিজ মহাতারকা গোল করেছিলেন ৩৩টি। ৪৪ ম্যাচে এমবাপের গোলও ৩৩। সামনের ম্যাচগুলো দিয়ে ‘সিআর সেভেন’কে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে এমবাপের।
রোনালদোকে ছোঁয়ার প্রতিক্রিয়ায় ২৬ বর্ষী এমবাপে বলেছেন, ‘এই ম্যাচটি আমার জন্য খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী! আমাদের কথা হয়, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।’
ম্যাচের পর এমবাপেকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। ইতালিয়ান কোচ বলেছেন, ‘সে খুবই ভালো করছে। সে পার্থক্য গড়ে দিচ্ছে এবং এটাই তার থেকে আমরা চাই।’








