বছরের প্রথম মাসেই লা লিগা, সুপার কাপ সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে চোটে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ সদস্য কাইলিয়ান এমবাপে। হাঁটুতে ব্যথা আছে ফরাসি তারকার। কবে নাগাদ ফিরতে পারবেন, নিশ্চিত নয়। কোচ জাভি আলোনসোও হতাশার কণ্ঠেই জানাচ্ছেন, কিছু জানেন না এখনও।
রোববার রিয়াল বেটিসের বিপক্ষে নামবে লস ব্লাঙ্কোস দল। ম্যাচের আগে আলোনসো বলেছেন, ‘এমবাপের না থাকা একটা অনুভূতির ব্যাপার। আমরা তার অনুপস্থিতি যতটা সম্ভব কমানোর জন্য চেষ্টা করছি, যাতে সে তাড়াতাড়ি প্রস্তুত হতে পারে।’
‘কিন্তু কখন? এটা আমারও প্রশ্ন, সত্যি বলতে আমি নিজেও জানি না।’
‘প্রতিটি খেলায় আমরা খেলোয়াড়ের অবস্থার উপর ভিত্তি করে মূল্যায়ন করি এবং খেলার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই। এখন দেখা যাক। যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
‘আমাদের খেলোয়াড়দের একত্রিত করার সর্বোত্তম উপায়টি খুঁজে বের করতে হবে। আমরা নিশ্চিতভাবে এমবাপেকে মিস করব। কেবল তার লক্ষ্যগুলোই নয়, তার প্রভাবও।’
গত কয়েকসপ্তাহ এমবাপে হাঁটুর লিগামেন্টে চোট নিয়ে খেলছিলেন। শুরুতে ভেবেছিলেন তেমন গুরুতর নয় এবং খেলেই সামলানো যাবে। গত বুধবার সকালে করানো এমআরআই স্ক্যানে ধরা পড়ে লিগামেন্টে ক্ষত রয়েছে। সেসময় চিকিৎসার জন্য তিন সপ্তাহের বেশি বিশ্রাম দরকার আছে বলে জানালেও সময়সীমা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
রোববার লা লিগার শীর্ষের জন্য নামবে রিয়াল, প্রতিপক্ষ রিয়াল বেটিস। পরের ম্যাচে ১৭ তারিখ খেলবে লেভান্তের বিপক্ষে। ৯ জানুয়ারি নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে সুপার কাপের সেমিতে। ২১ তারিখে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ এমবাপের সাবেক ক্লাব মোনাকো। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ২০১৮ বিশ্বকাপজয়ী তারকাকে পাবে না রিয়াল।








