বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকা দলটি গতরাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরেছে। তাতে নড়েচড়ে বসে লস ব্লাঙ্কোসদের বোর্ড। তারা বরখাস্ত করেছে কোচ জাভি আলোনসোকে। তাকে ছাঁটাইয়ের আধাঘণ্টার মধ্যে রিয়াল নতুন কোচের নামও জানিয়েছে।
রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে জাভি আলোনসোর রিয়ালকে ৩-২ ব্যবধানে হারায় হ্যান্সি ফ্লিকের বার্সা। সোমবার রাতে এলো কোচ ছাঁটাইয়ের ঘোষণা। জাভি এবং রিয়াল সমঝোতার মাধ্যমে চুক্তির ইতি টেনেছে। তার কিছুপরই রিয়ালের সাবেক খেলোয়াড় আলভারো আরবেলোয়াকে কোচ নিয়োগ করেছে লস ব্লাঙ্কোসরা।
বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে, ক্লাব ও জাভি আলোনসোর মধ্যে সমঝোতার ভিত্তিতে, তাকে দলের কোচ থেকে দায়িত্বের অবসান ঘটানো হয়েছে।’
‘জাভি আলোনসো সবসময় রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন, কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’
‘এই সময়কালে কাজ ও নিষ্ঠার জন্য রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা জানাচ্ছে।’
১১ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরেছিলেন জাভি। সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে এসেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক। কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে যাওয়ার পর ২০২৫ সালের জুনে আলোনসোকে রিয়াল মাদ্রিদের কোচ করা হয়েছিল। কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা গেলেও পরে ৪৪ বর্ষী এ কোচের জন্য সময়টা বেশ কঠিন ছিল। বিশেষ করে গত এক-দুমাসে দলে চোটের সমস্যা, বাজে ফলাফল এবং ড্রেসিংরুমের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।
জাভিকে বরখাস্তের আধাঘণ্টার মধ্যে যুব একাডেমি কাস্তিয়ার প্রধান কোচ ৪২ বর্ষী আলভারো আরবেলোয়াকে নতুন কোচ ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। যিনি রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার। ২০২০ সাল থেকে রিয়ালের বয়সভিত্তিক দলের কোচের দায়িত্বে ছিলেন।








