লা লিগায় বার্সেলোনা থেকে পিছিয়ে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছেই স্প্যানিশ সুপার কাপে ফাইনালে হার, জেরে কোচ ছাঁটাই করেছে রিয়াল মাদ্রিদ। জাভি আলোনসোকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছে আলভারো আরবেলোয়াকে। আপদকালীন নতুন কোচের যাত্রা শুরুর আগেই আলোচনা- রিয়ালের কোচ হতে পারেন ইয়ূর্গেন ক্লপ। জার্মান কোচ অবশ্য জানিয়েছেন, তাকে ফোন করা হয়নি।
জাভি এবং রিয়াল সমঝোতার মাধ্যমে চুক্তির ইতি টেনেছে। তার কিছুপরই রিয়ালের সাবেক খেলোয়াড় আরবেলোয়াকে নিয়োগ করে লস ব্লাঙ্কোসরা। এরপর আলোচনায় আসে ক্লপের নাম। তিনি গণমাধ্যমে বলেছেন, ‘জানি গুঞ্জনগুলো কিছুদিন ধরেই চলছে। আর বুঝতেও পারছি আপনার প্রশ্নটা কোথা থেকে আসছে, কিন্তু এরসঙ্গে আমার কোন সম্পর্ক নেই।’
‘আসলে আমার ফোন বেজেছে, তবে মাদ্রিদ থেকে নয়। আলোনসো নিজেকে একজন অত্যন্ত প্রতিভাবান কোচ হিসেবে প্রমাণ করেছেন এবং মাত্র ছয় মাসের মধ্যেই তার বিদায়, ওখানে কিছু একটা ঠিকঠাক কাজ করছে না।’
‘এখানে কয়েকটি বিষয় দেখাযর, সেখানে আমাদের (কোচদের) কোন সময় দেয়া হয় না, আর রিয়াল মাদ্রিদে প্রত্যাশার মাত্রা স্বাভাবিকভাবেই বিশাল।’
জাভির কোচিং সম্পর্কে ক্লপ বলেছেন, ‘যখন এমন একজন কিংবদন্তি এবং অসাধারণ কোচের (কার্লো আনচলত্তি) পরে এসে দায়িত্ব নেন, সেটিও সেই দলের, যাদের কাজ করার খুব নির্দিষ্ট একটা পদ্ধতি থাকে। আলোনসোর জন্য দুঃখিত, কারণ তিনি একজন দুর্দান্ত কোচ, ভবিষ্যতে খুব ভালো করবেন।’
লিভারপুলের সঙ্গে ৮ বছরের সম্পর্কের ইতি টেনে ক্লপ আপাতত কোচিংয়ে নেই। আপাতত পূর্ণসময়ের কোচিংয়ে ফিরতে আগ্রহী নন। ৫৮ বর্ষী কোচ রেড বুলের গ্লোবাল প্রধানের কাজ করছেন, যাদের সাথে চুক্তি আছে কেবল জার্মান জাতীয় দলের চাকরি পেলেই আবেদন করা সুযোগ পাবেন।








