গত সপ্তাহে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখে কাছে হারের পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে লা লিগায় জিরোনার বিপক্ষে ড্র করে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে গেছে লস ব্লাঙ্কোসরা। তবুও দলের এই দুর্দশায়ও আশার আলো দেখছেন কোচ আলভারো আরবেলোয়া।
ম্যাচে বেশ আক্রমণ চালায় কাইলিয়ান এমবাপে-জুড বেলিংহ্যামরা, তাও জয় আনতে পারেনি দলের জন্য। ম্যাচের ৫১ মিনিটে ফেডেরিকো ভালভের্দের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি রিয়াল, ৬২ মিনিটে থমাস ল্যামারের গোল সমতায় ফেরে সফরকারীরা।
গত শনিবার লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে মায়োর্কার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। গতরাতে ড্রয়ের পর টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ে তারা। শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে লড়বে বার্সা, এ ম্যাচ জিতে গেলে ৯ পয়েন্ট ব্যবধানে শিরোপার দৌড়ে এগিয়ে যাবে গত আসরের চ্যাম্পিয়নরা।
পয়েন্ট হারিয়েও চিন্তিত নন কোচ আরবেলোয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এটা আমাদের সেরা খেলা ছিল না, তবুও আমাদের জেতা উচিত ছিল। আমরা যতগুলো সুযোগ তৈরি করেছিলাম তার বিপরীতে জিরোনার কাছেও কম গোল হজম করেছি, তাতে জেতার জন্য আমাদের দল যথেষ্ট শক্তিশালী ছিল। খেলোয়াড়দের পারফরম্যান্স অনুযায়ী, আমাদের আরও বেশি গোল করার সুযোগ ছিল। কিন্তু তা হয়নি।’
লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে নাকি, সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে কোচ বলে, ‘না। যেদিন আমরা সত্যিই এটা হারাবো, সেদিনই আমার ঠিক তেমনটা মনে হবে। যতক্ষণ না আমরা এটা হারাচ্ছি, আমরা লড়াই চালিয়ে যাবো এটাই রিয়াল মাদ্রিদ, এবং একেবারে শেষ দিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
তবে কোচের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগ, ‘আমরা বুধবারের ম্যাচের দিকেই মনোযোগ দেব, কারণ আমরা জানি যে আমাদের প্রচুর চেষ্টা করতে হবে এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। গত মঙ্গলবারের খেলায় যা যা ঘটেছে, তা বিশ্লেষণ করে যে কাজগুলো ঠিকভাবে করতে পারিনি সেগুলো শুধরাতে হবে। যা ঠিকভাবে করেছি সেগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করে তাদের ক্ষতি করতে হবে।’
‘প্রথম লেগের চেয়ে এবার আমরা অনেক বেশি সময় পাব। আমরা জানি বুধবারের ম্যাচটি আমাদের, এবং এই ব্যাপারে আমরা পুরোপুরি সচেতন। আমাদের সমস্ত শক্তি অবশ্যই সেই ম্যাচের দিকে চালিত করতে হবে। জেতার দৃঢ় সংকল্প নিয়ে আমাদের জার্মানিতে যেতে হবে এবং নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে।’
বুধবার রাতে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল ভিন্সেন্ট কোম্পানির শিষ্যরা।







