লা লিগায় টানা দুই হারে বার্সেলোনার কাছে শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। কাইলিয়ান এমবাপেকে ছাড়া নেমে একের পর এক সুযোগ হাতছাড়া করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে ১৮টি শট নিয়েছে, ৭টি ছিল লক্ষ্য বরাবর, তবুও গেটাফের কাছে হেরেছে ১-০ গোলে।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৭৭ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল, পারেনি সুযোগ কাজে লাগাতে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে, টানা দুই শট নেন গঞ্জালো গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র। বাধা হন সফরকারী গোলরক্ষক ডেভিড সরিয়া।
ম্যাচের ৩৯ মিনিটে মার্টিন স্যাট্রিয়ানোর গোলে এগিয়ে যায় গেটাফে। ৭৫ মিনিটে পোস্টের কাছে থেকে ফ্রাঙ্কো মাস্তানতুওনোর কর্নারে আসা বলে মাথা ছুঁতে ব্যর্থ হন অ্যান্টোনিও রুডিগার। ৭৯ মিনিটে এ জার্মান ডিফেন্ডার আবারও সুযোগ পান, এবার হেড করলেও আটকে দেন গোলরক্ষক। ৯০ মিনিট শেষে যোগ করা পঞ্চম মিনিটে মাস্তানতুওনো এবং সপ্তম মিনিটে গেটাফের আদ্রিয়ান লিসো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
২৬ ম্যাচ শেষে ১৯ জয়, ৩ ড্র ও এবং ৪ হারে ৬০ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২১ জয় ১ ড্র ও ৪ হারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ৬৪ নিয়ে শীর্ষে আছে বার্সা।

