স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আরেকটি ‘এল ক্ল্যাসিকো’ দেখতে চলেছে বিশ্ব। রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৫-০তে উড়িয়ে শিরোপামঞ্চে পা রাখে হ্যান্সি ফ্লিকের বার্সা, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১এ জিতে এসেছে জাবি আলোনসোর রিয়াল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু লড়াই। স্প্যানিশ সুপার কাপের ১৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় ও বছরের প্রথম ক্ল্যাসিকোতে নামার আগে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
দুদলের প্রথম দেখা হয়েছিল ১৯০২ সালে। কোপা ডেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল। সেই ম্যাচে রিয়ালকে ৩-১এ হারিয়েছিল বার্সা। পরে পেরিয়ে গেছে ১২৩ বছর। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ নানা টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে বহুবার মুখোমুখি হয়েছে তারা। হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রতিযোগিতামূলক ম্যাচে এপর্যন্ত ২৬২ বার মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। জয়ের পাল্লায় এগিয়ে রিয়াল। ১০৭ বার জিতেছে তারা। বার্সেলোনা জিতেছে ১০৪ ম্যাচে। বাকি ৫১ ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ পাঁচ দেখায় রিয়ালের বিপক্ষে চারবার জিতেছে বার্সেলোনা। গতবছর অক্টোবরে সবশেষ দেখা হয়েছিল। লা লিগায় বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। তবে গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রেতে চারবার বার্সার বিপক্ষে নেমে প্রতিবারই হারের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল।
টানা অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য রিয়ালের। ৩১ জানুয়ারি ১৯৩১ সাল থেকে ৩ ফেব্রুয়ারি ১৯৩৫ সাল পর্যন্ত টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল তারা। তবে বার্সেলোনাও কম যায়নি। ১ নভেম্বর ১৯১৭ সাল থেকে ৩ জুন ১৯২৮ সাল পর্যন্ত টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিল কাতালুনিয়ান ক্লাবটি।
দুদলের দ্বৈরথে সবচেয়ে বড় জয়টি রিয়ালের। ১৯৪৩ সালের ১৯ জুন কোপা ডেল রেতে বার্সেলোনাকে ১১-১তে হারিয়েছিল দলটি। রিয়ালের বিপক্ষে বার্সেলোনার সবচেয়ে বড় জয় এসেছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫০ সালে। লা লিগায় ৭-২ ব্যবধানে জিতেছিল বার্সা।
অক্টোবরের ক্ল্যাসিকোর পর দুদলই খেলেছে ১৪ করে ম্যাচ। এরমধ্যে ১২টিতে জিতেছে বার্সেলোনা। একটিতে ড্র করেছে। হেরেছে একটি। রিয়াল জিতেছে ৮টিতে। ড্র ও হেরেছে তিনটি করে ম্যাচে। লা লিগায় রিয়াল এখন বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল। সবশেষ ক্ল্যাসিকোর পর ৪০ গোল করেছে বার্সেলোনা। রিয়াল করতে পেরেছে ২৯ গোল।
সৌদি আরবের মাটিতে এ নিয়ে টানা চতুর্থ সুপার কাপ ফাইনালে খেলবে রিয়াল ও বার্সেলোনা। ২০২৩ ও ২০২৫ সালে সুপার কাপ জিতেছে বার্সেলোনা। ২০২৪ সালে জিতেছিল রিয়াল। গতবছর রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা।
চোট সমস্যা ভোগাচ্ছে দুদলকেই। বছরের শুরুতে ছিটকে যাওয়া কাইলিয়ান এমবাপে দলের সঙ্গে জেদ্দায় না গেলেও সেখানেই অবস্থান করছেন। নিজেই সৌদি আরবে পৌঁছানোর বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সালাম, সৌদি আরব।’ শেষপর্যন্ত ফরাসি তারকার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা।
অন্যদিকে শারীরিক সমস্যার কারণে সেমিতে বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল। বিরতির পর বদলি হিসেবে নামেন। এল ক্ল্যাসিকোয় স্প্যানিয়ার্ড ফরোয়ার্ডকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।








