রিয়াল মাদ্রিদের আইকনিক ১০ নাম্বার জার্সিতে খেলতেন ব্যালন ডি’অর জয়ী লুকা মদ্রিচ। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ী মদ্রিচ পাড়ি জমিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে। কানাঘুষা ছিল সেই আইকনিক জার্সিতেই খেলবেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। সেই খবরই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।
মদ্রিচের আগে রিয়ালের ১০ নাম্বার জার্সিটি পরে খেলেছেন অনেক কিংবদন্তি ফুটবলার। এই জার্সি গায়ে চাপিয়ে এক সময় মাঠ মাতাতেন মেসুত ওজিল, লুইস ফিগো, সিডোর্ফ, ফেরান পুসকাস মতো তারকা ফুটবলাররা। এখন ১০ নাম্বার জার্সির ভার সামলাবেন ফরাসি তারকা এমবাপে।
ফ্রান্সের ক্লাব মোনাকোর হয়ে ফুটবলের আইকনিক ১০ নাম্বার জার্সি পেয়েছিলেন এমবাপে। যদিও ফ্রান্সের এ তারকা মোনাকো থেকে পিএসজিতে যাওয়ার পর ১০ নাম্বার জার্সিটি পাননি। পিএসজির হয়ে গায়ে জড়ান ৭, ১৪, ১৭ ও ২৯ নাম্বার জার্সি।
স্বদেশী ব্যালন ডি’অর জয়ী ফুটবলার করিম বেনজেমা রিয়ালের হয়ে পরতেন ৯ নাম্বার জার্সি। রিয়ালে এসে বেনজেমার জার্সিতেই খেলতেন এমবাপে।
রিয়ালে এসে ৫৯ ম্যাচে ৪৪ গোল করেছেন এমবাপে। আগামী মৌসুমে ক্লাবটির প্রথম ম্যাচ ১৯ আগস্ট। সব কিছু ঠিক থাকলে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ১০ নম্বর জার্সিতে দেখা যেতে পারে এমবাপেকে।








