প্রাক-মৌসুম প্রস্তুতির পর একরকম তড়িঘড়ি করে মৌসুম শুরু করতে চলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি চোট এবং প্রস্তুতির অভাবে ভুগছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ জাভি আলোনসো। লস ব্লাঙ্কোসরা মাঠে নামার আগে জায়ান্টদের কোচ বলেছেন, এরপরও কোন অজুহাত দেবেন না।
মঙ্গলবার রাতে লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে নামবে রিয়াল। ম্যাচের আগে আলোনসো বলেছেন, দলের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। ক্লাব বিশ্বকাপের পর খেলোয়াড়রা ছুটি কাটিয়ে ৪ আগস্ট প্রাক-মৌসুমে প্রস্তুতিতে যোগ দেন। সীমিত প্রস্তুতি নিয়েই মাঠে নামছে লস ব্লাঙ্কোস দল।
অতিরিক্ত প্রস্তুতির সময় পেতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিতের অনুরোধ জানিয়েছিল রিয়াল। স্প্যানিশ ফুটবল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রায় এসেছিল, খেলোয়াড়দের অন্তত ২১ দিন বিশ্রামের অধিকার থাকলেও শারীরিক প্রস্তুতির জন্য এটির কোন বাধ্যবাধকতা নেই।
আলোনসো বলেছেন, ‘আমরা একটি দীর্ঘ মৌসুম পার করেছি। অবশ্যই খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য, দীর্ঘ মৌসুমের পর আমরা আরও প্রস্তুতি নিতে চাই। কিন্তু শেষপর্যন্ত তা হল না। মাত্র দুই সপ্তাহের মতো প্রস্তুতির সময় পেয়েছি। এখন আর আমরা অজুহাত খুঁজব না। আমরা প্রতিযোগিতায় নামতে পারবো শুধু সেটাই জানি।’
ডিসেম্বরে ভিয়ারিয়াল এবং বার্সেলোনার মধ্যে লা লিগার একটি ম্যাচ মিয়ামিতে খেলার কথা হচ্ছে। পরিকল্পনার বিরুদ্ধে মাদ্রিদের প্রতিবাদকে সমর্থন করেন জাভি। ক্লাবটির যুক্তি, এই পদক্ষেপের ফলে দলগুলোকে অযৌক্তিক ক্রীড়া সুবিধা দেয়া হবে।
‘আমি ক্লাবের বক্তব্যের সাথে একমত। মৌসুমের শুরুতে আমরা সবাই নিয়ম জানি এবং যদি নিয়ম পরিবর্তন হয়, তাহলে সকল অংশগ্রহণকারীর মধ্যে ঐক্যমত্য থাকা উচিত।’
গ্রীষ্ম দলবদলে রিয়াল ৪ খেলোয়াড় টেনেছে। ২৬ বর্ষী ইংলিশ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড , ২০ বর্ষী ডাচ ডিন হুইজেন, ২২ বর্ষী স্প্যানিশ আলভারো ক্যারেরাস এবং ১৮ বর্ষী আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। আলোনসো বলেছেন, মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে দলে মাস্তানতুওনো খেলতে পারেন।
‘প্রথমবার যখন মাস্তানতুওনোর সাথে কথা বলি, তার ব্যক্তিত্ব আমাকে অবাক করে দেয়। তার বয়স ১৭ বছর, কিন্তু অনেক আত্মবিশ্বাস ছিল। রিয়াল মাদ্রিদে এসে সে কোন দ্বিধাবোধ করেনি। অল্পসময়ের মধ্যেই আমরা দেখেছি, দ্রুত দলের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে পারে।’
আলেকজান্ডার-আর্নল্ড রক্ষণের ডান পাশে জায়গা পাওয়ার জন্য মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারভাহাল হাঁটুর চোটে গত মৌসুমে বেশিরভাগ সময় খেলতে পারেননি।
‘রক্ষণের ডানপ্রান্তে সত্যিই ভালো প্রতিযোগিতা আছে। প্রতিটি পজিশনে দুজন খেলোয়াড় থাকা পছন্দ করি, যারা দেখাতে চায় যে কী করতে পারে। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে খেলবে কে বসবে। এটা দলের জন্য সত্যিই ভালো।’
মঙ্গলবার রাতে মাদ্রিদ জুড বেলিংহামকে ছাড়াই নামবে। কাঁধের অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠলেও বিশ্রামে আছেন তিনি। চোটে এন্ড্রিক, এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং ফেরল্যান্ড মেন্ডিও থাকবেন না। কোপা ডেল রের ফাইনালে রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে মারার দায়ে অ্যান্টোনিও রুডিগার ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ আছেন।








