চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদের এক সমর্থক নাজি স্যালুট দিয়েছিলেন। স্টেডিয়ামের বড় পর্দায় সেই দৃশ্য ধরা পড়ার পর ওই সমর্থকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে রিয়াল। সান্টিয়াগো বার্নাব্যু থেকে তাকে বের করে দেয়ার পর স্থায়ী নিষিদ্ধের ব্যবস্থা নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, ক্লাবের শৃঙ্খলা কমিটিকে জরুরি ভিত্তিতে অনুরোধ করা হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার মধ্যে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে, দর্শক গ্যালারিতে নাৎসি স্যালুট দেওয়ার সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া সদস্যের বিরুদ্ধে অবিলম্বে বহিষ্কারের ব্যবস্থা নেয়া হোক।’
‘স্যালুট দেখানোর ওই দৃশ্যের পর ক্লাবের নিরাপত্তা কর্মীরা এই সদস্যকে খুঁজে পান এবং সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে তখনই তাকে বের করে দেয়া হয়। রিয়াল মাদ্রিদ এই ধরণের অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তির নিন্দা করে যা খেলাধুলা এবং সমাজে সহিংসতা এবং ঘৃণা উস্কে দেয়।’
প্রথম লেগের জয়ের সুবিধা ধরে রেখে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে উঠেছে। অঁরেলিও চুয়ামেনি এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-১ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতেছে লস ব্লাঙ্কোসরা। সবমিলে ৩-১ ব্যবধানে জিতে শেষ ষোলোতে উঠেছে কোচ আলভারো আরবেলোয়ার দল।






