চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধান বেশি না থাকলেও পুরোটা সময় রিয়ালের ডি বক্স ব্যস্ত রেখেছিলেন লুইস দিয়াজ-মাইকেল ওলিসেরা। বার্নাব্যুতে ২-১ গোলের জয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড শুরু করবে জার্মান জায়ান্টরা। অন্য ম্যাচে কাই হাভার্টজের গোলে স্পোর্টিং সিপির বিপক্ষে জিতেছে আর্সেনাল।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় রিয়ালের গোলমুখে অনেকগুলো শট করেছিল বায়ার্ন। গোলকিপার আন্দ্রে লুনিনের দৃঢ়তায় ৪০ মিনিট পর্যন্ত কোন বিপদ হয়নি লস ব্লাঙ্কোসদের। ৪১ মিনিটে আর নিজেদের জাল সুরক্ষিত রাখতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা। এ সময় লুইস দিয়াজ গোল করে বাভারিয়ানদের এগিয়ে দেন। ওই ব্যবধানে বিরতিতে যায় জার্মানরা।
বিরতির পর ম্যাচসেরা ম্যানুয়েল নয়্যারের দল সর্বোচ্চ ৪০ সেকেন্ডের সময় নেয় আরও এগিয়ে যেতে। ৪৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করে ২-০তে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় গোলটি করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ৭৪ মিনিটে রিয়ালের একমাত্র গোলটি করেন কাইলিয়ান এমবাপে। সফরকারীরা ২-১ গোলের জয় নিয়ে বার্নাব্যু ছাড়ে।
অন্য ম্যাচে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও স্পোর্টিং সিপির ম্যাচ প্রায় ড্র হতে যাচ্ছিল। একদম শেষদিকে কাই হাভার্টজের গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন হাভার্টজ।
আগামী সপ্তাহে জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে লন্ডনের এমিরেটসে স্পোর্টিং সিপিকে খেলতে হবে ইপিএল টেবিল টপার আর্সেনালের বিপক্ষে।







