লা লিগায় আবারও জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-০তে জয়ের ম্যাচে দুই গোল করেছেন ফ্রান্সের বিশ্বজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তাতে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কোচ জাভি আলোনসো।
ম্যাচ শুরুর সাত মিনিটে প্রথম গোল করেন এমবাপে। ৫৯ মিনিটে দ্বিতীয় গোটিল করেন। তার আগে ৪২ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন আরেক ফরাসি তারকা এডুয়ার্ডো কামাভিঙ্গা। কামাভিঙ্গার গোলে অ্যাসিস্ট ছিল এমবাপের।
ম্যাচের পর এমবাপের প্রশংসায় আলোনসো বলেছেন, ‘এমবাপে দারুণ ফর্মে আছেন। আবারও দুই গোল করেছেন, দুর্দান্ত দুই গোল। তারপর ভিনিসিয়াস জুনিয়রের সাথে তার যে বোঝাপড়া সেটা দারুণ।’
‘দল প্রথম মিনিট থেকেই ভালো মনোযোগ এবং খুব ভালো ছন্দের সাথে খেলে জিতেছে। প্রথমার্ধে আমরা খেলায় আধিপত্য বিস্তার করেছিলাম। দ্বিতীয়ার্ধে, আমাদের তেমন দখল ছিল না, কিন্তু আমরা ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রেখেছিলাম। তিনটি অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর জয়ের পথে ফিরে আসার জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।’
‘এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। অবশ্যই, আমরা বর্তমান ট্রেন্ড ভাঙতে চাইছিলাম, যেটা আমরা পর্যাপ্ত প্রস্তুতির সাথে করতে চাইছিলাম। আমার কাছে মনে হয়েছে দল পূর্ণ একটি ম্যাচ খেলেছে। পুরো ৯০ মিনিট আমরা খুব মনোযোগ দিয়ে খেলেছি।’
১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩২ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল।








