বর্তমানে দুর্দান্ত সময় কাটছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। কয়েক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে দলটি। বুধবার রাতে খেলা সবশেষ ম্যাচে আলাভেসকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। পরে ইতালিয়ান কোচ রিয়ালের অপ্রতিরোধ্য অবস্থার বর্ণনা করেছেন।
প্রতিপক্ষের কোচ লুইস গ্রাসিয়া প্লাজা রিয়ালকে নিয়ে মন্তব্য করেছেন, আমার বিশ্বাস এই রিয়াল সেরা প্রজন্মের একটি দল। প্লাজার এমন মন্তব্যের পর একমত প্রকাশ করেছেন লস ব্লাঙ্কোসদের কোচ আনচেলত্তি।
৬৪ বর্ষী আনচেলত্তি শিষ্যদের নিয়ে বলেছেন, ‘আমারও তাই মনে হয়। এই স্কোয়াডে অনেক প্রতিভা, অনেক গুণসম্পন্ন খেলোয়াড় রয়েছে। হ্যাঁ, আমারও ধারণা রিয়াল মাদ্রিদের এই দল একটা স্মরণীয় যুগের চিহ্ন হয়ে থাকবে। তরুণদের এখানে মূল্য দেয়া হয়।’
লিগ শিরোপা জয়ের পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিলেন ভিনি জুনিয়র-ফেদে ভালভার্দে। ম্যাচে চ্যাম্পিয়নদের কাছে পাত্তা পায়নি টেবিলের ১১তে থাকা আলাভেস।
বার্নাব্যুতে গোল উৎসবের শুরুটা করেন জুড বেলিংহ্যাম। দশম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলটি। পরে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ২৭ ও ৭১ মিনিটে দুটি গোল করেন। মাঝে যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন ফেদেরিকো ভালভার্দে।
খেলার প্রায় শেষদিকে ৮১ মিনিটে আরদা গুলের আরেকটি গোল করলে ৫-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়ন দলটি। আলাভেস রিয়ালের সাথে সমানে টক্কর দিয়ে আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।







