লা লিগায় চলতি মৌসুমে সবশেষ তিন ম্যাচেই ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা গত রাতে জিরোনার বিপক্ষে পিছিয়ে থাকা ম্যাচে ড্র করে টেবিল শীর্ষেও ফিরতে পারেনি। বার্সেলোনা এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে।
রোববার রাতে জিরোনার মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোল হজম করে দ্বিতীয়ার্ধে ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপের স্পটকিক গোল থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারীরা।
রিয়াল কোচ জাভি আলোনসো চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গত ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে নেমেছিলেন। ম্যাচের ৩৮ মিনিটে গোলের সুযোগ হারায় রিয়াল। প্রথমার্ধের শেষ মূহূর্তে জিরোনার আজ্জেদিন ওনাহি রিয়ালের জালে বল জড়ান।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে জিরোনা। ৫৪ মিনিটে রিয়াল ডিফেন্ডার এডের মিলিতাওয়ের দ্বিতীয়বারের মতো হেড ফিরিয়ে দেন জিরোনা গোলরক্ষক। ভিনিসিয়াস ছয় মিনিট পর জিরোনার জালে বল পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে।
ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। লাল লিগায় এ মৌসুমের ১৪ ম্যাচে ১৪ গোল তার। ম্যাচের বাকি সময়ে দুদলের কেউ আর গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে।
লস ব্লাঙ্কোসরা ১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। লা লিগার সমান সংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট এখন বার্সেলোনার। সমান ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ১৮ নম্বরে জিরোনা।








