ভারতে চলতি বিশ্বকাপে ভালো খেলতে পারেনি পাকিস্তান। শুরুর দিকে ভালো করে মাঝপথে খেই হারিয়ে বসে বাবর আজমের দল। সেমির আগেই বিদায় নিয়েছে। এমন পারফরম্যান্সে দলের সমালোচনা করতে গিয়ে দেশটির সাবেক খেলোয়াড় আব্দুল রাজ্জাক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের উদাহরণ টেনেছেন। তাতে খেপেছে ভারতীয় নেটিজেনরা, বলছে ঐশ্বরিয়াকে নিয়ে এমন কথা ঠিক হয়নি।
রাজ্জাক পাকিস্তানের ভালো করার ইচ্ছার কথা বলতে গিয়ে ঐশ্বরিয়াকে টেনে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে ইউনিস খানের ভালো উদ্দেশ্য ছিল এবং এটা আমাকে আত্মবিশ্বাস যোগাত ভালো খেলার জন্য। এখানে সবাই পাকিস্তান দলের সদিচ্ছার কথা বলছে। প্রকৃতপক্ষে, পাকিস্তানের খেলোয়াড়দের উন্নতি করার কোনো ইচ্ছা নেই। যদি আপনি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে ভালো এবং ধার্মিক বাচ্চা জন্ম দেবেন, সেটা সম্ভব নয়।’
পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি নেটিজেনরা, মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলছে তারা। বিশ্বকাপে ৯ ম্যাচে চারটিতে জিতে ফিরে গেছে পাকিস্তান।








