বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে বোর্ড পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবার দায়িত্ব পেলেন টিম ডিরেক্টরের। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার বিসিবির বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন তিনি। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক। নিজের দায়িত্বের বিষয়ে বলেছেন, ‘অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।’
‘ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।’-যোগ করেন রাজ্জাক।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট গড়াবে ১৯ নভেম্বর। এরপর ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুটি টি-টুয়েন্টি গড়াবে। ২ ডিসেম্বর মিরপুরে খেলবে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।








