২৮ মার্চ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। একই দিনে থাকছে পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’, যেখানে কথা বলবেন সময়ের তারকা অভিনেতা শরিফুল রাজ।
ঢাকাই সিনেমার সুপারস্টারের জন্মদিন হওয়ায় স্বভাবতই এ নিয়েও শোতে কথা বলেছেন শরিফুল রাজ। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠান, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে রাজ কথা বলেছেন মন খুলে!
শাকিবকে নিয়ে রাজ বলেন,“আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম।”
দেশের শীর্ষ এই নায়কের জন্মদিনে রাজ আরো বলেন,“আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।”
শোতে রাজ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার কথাও বলেন। তিনি জানান, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের। সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।








