মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী থেকে নাট্যনির্মাতা হয়ে সুনাম অর্জন করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মাণ মুন্সিয়ানায় দর্শক পেয়েছেন মাইক, চিরকুমার সংঘ, দেনমোহর, গ্রাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিস-এর মতো মনে রাখার সব নাটক। পাশাপাশি প্রজাপ্রতি, তারকাটা, সম্রাট, যদি একদিন-এর সিনেমা বানিয়েছেন নির্মাতা রাজ।
তিনি চ্যানেল আই অনলাইনকে জানালেন, আবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। বললেন, ‘আগামী রোজার ঈদের পরেই নতুন সিনেমার শুটিংয়ে নামবো, এ বছরেই শেষ করবো। এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে।’
তিনি বলেন, এবার রোমান্টিক সিনেমা বানানো। এককথায় রমকম সিনেমা বানাবো। যে সিনেমা হবে ম্যাস পিপলের, সিনেমা হলের। মানুষ শিষ দেবে, মজা পাবে। সিনেমা বানাবো বলে নাটক বানানো কমিয়ে দিয়েছি। আমার পরিচালনায় ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নাটক থাকবে এবং ঈদে একাধিক নাটক থাকবে।
রাজ নিজে নাটক নির্মাণ কম করলেও তিনি প্রডাকশন হাউজ খুলেছেন। তার ‘সিনেমাওয়ালা’ প্রডাকশন থেকে নতুন নির্মাতারা নিয়মিত নাটক বানাচ্ছেন। তিনি যেমনটা বললেন: নিজে প্রযোজক হয়েছি। এটা আমার ব্যবসা। নাটক বানাই, কিনি- এগুলো করছি। মূলত আমি সিনেমা বানাবো বলে নাটক করা কমিয়েছি। সবার মতো আমিও একমত, ২০২৩ হতে পারে সিনেমার বছর। অনেক নতুন নির্মাতারা এ বছর সিনেমা বানাবে।
নতুন নতুন মাল্টিপ্লেক্স চালু হচ্ছে। এ বছরে হয়তো আরও চালু হবে। এটা সিনেমার খুব পজিটিভ দিক। তবে আমি নাটক বানানো ছাড়বো না। নাটক নির্মাণে অন স্পট কম থাকলেও স্ক্রিপ্ট বা অন্যান্য কাজে জড়িয়ে থাকি। সবকিছু যেহেতু আমাকেই করতে হয়, এজন্য এটাও নির্মাণে থাকার মধ্যে পড়ে।
প্রযোজকের অভিজ্ঞতা থেকে রাজ বলেন: নাটকের মার্কেট প্রোপার্লি ডাউন হয়েছে। কিছুদিন আগে নাটকে হাতেগোনা দু-চারজন শিল্পীদের জোয়ার ছিল, সেটা এখন আর নেই। এটা শুধু আমি নই, সবার চোখে ধরা পড়ছে। যদিও কাজ হচ্ছে প্রচুর কিন্তু সেই হাইপটা আর নেই। নতুন যারা নাটক বানাচ্ছে গল্প একই টাইপের, ভিউ হচ্ছে প্রচুর কিন্তু মার্কেবল কাজ হচ্ছে না। যে কাজটা মার্কেবল হচ্ছে সেটা আবার অর্থনৈতিকভাবে লস হচ্ছে।
নতুন নির্মাতা ও শিল্পী কেন জোয়ার তৈরি করতে পারছে না? রাজের উত্তর, তারা চেষ্টা করছে। আগামী ঈদের সময় এটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে।
এদিকে, রাজের পরিচালনায় তাহসান-শ্রাবন্তী ও শিশুশিল্পী রাইসা অভিনীত ‘যদি একদিন’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের মার্চে। সিঙ্গেল ফাদার-এর গল্পে ফ্যামিলি সেন্টিমেন্টাল এই ছবিটি যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি সবমহলের শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল।
কয়েক বছর বিরতি দিয়ে আবার সিনেমা নির্মাণ প্রসঙ্গে রাজ বলেন, সার্ভাইভ করার জন্য যে পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট দরকার সিনেমা বানিয়ে আমরা তা পাই না। আবার নতুন সিনেমা করতে গেলে আমার বিভিন্ন সীমাবদ্ধতা ফেইস করতে হয়, সেগুলো মোকাবিলা করতে আগেই প্রস্তুতি নিতে হয়। প্যাশন-এর জায়গা থেকে একটি সিনেমা বানিয়ে নতুন করে আবার শুরু করতে গ্যাপ নিতে হয়। কিন্তু ফিল্ম মেকিংটাই পেশা হিসেবে নিতে চাই।








