২০২৬ সালটি হিন্দি সিনেমার জন্য বিশেষ হতে চলেছে। নতুন বছরে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় কিছু দুর্দান্ত সিনেমা। আগামী বছরেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ‘রামায়ণ’, সানি দেওলের ‘বর্ডার ২’, সালমান খানের ‘গালওয়ান’ এবং শাহরুখ খানের ‘কিং’। এসব ছবি নিয়ে বক্স অফিসে বড় ধরনের সংঘর্ষ হতে চলেছে।
২০২৬ সালের সবচেয়ে বড় সংঘর্ষ হচ্ছে ‘ধুরন্ধর ২’ এবং কেজিএফের যশের ছবি ‘টক্সিক’ ছবির মধ্যে। এই সংঘর্ষ বক্স অফিসের সংখ্যাকে কাঁপিয়ে দিতে চলেছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, দুটি ছবিই ঈদ উপলক্ষে অর্থাৎ ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে।
এর আগে একই দিনে মুক্তি পাওয়ার ঘোষণা ছিল অজয় দেবগনের ‘ধামাল ৪’ এর। তবে পরবর্তীতে ‘ধুরন্ধর ২’র সঙ্গে সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ বদলে দেয় ‘ধামাল ৪’র টিম। তবে ‘ধুরন্ধর ২’র মুক্তির তারিখ পরিবর্তন করা হয়নি বা টক্সিকের নির্মাতারা তাদের নির্ধারিত তারিখ কোন পরিবর্তন করেননি। অর্থাৎ, দুটি ছবিই বক্স অফিসে টক্কর দিতে চলেছে।
রণবীর সিং এবং অক্ষয় খান্নার সিনেমা ‘ধুরন্ধর’ আপাতত কাঁপাচ্ছে বক্স অফিস। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। তবে দর্শকদের অবাক করে, ছবিটি এমন এক সন্ধিক্ষণে শেষ হয়েছে, যেখানে গল্পটি অসম্পূর্ণ বলে মনে হয়। আর তাই দর্শক নিঃসন্দেহে প্রেক্ষাগৃহে যাবেন দ্বিতীয় পর্বটি দেখতে।
একই সময়ে কেজিএফ দিয়ে ছাপ ফেলে যাওয়া যশের ‘টক্সিক’ নিয়েও কিন্তু প্রত্যাশার পারদ কম নেই। এমন পরিস্থিতিতে বক্স অফিসে কোন ছবি বেশি খেল দেখাতে পারে, তা দেখা সময়ের অপেক্ষা।


