ক্রিকেট

পাঁচ লাফে র‌্যাঙ্কিংয়ের ১২’তে লিটন, আট ধাপ এগোলেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একত্রিত, টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন টেস্ট ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে হেরেছে বাংলাদেশ। দুটেস্টেই দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মিলল সেটার প্রতিফলন, সুখবর মিলেছে লিটন ও মুশির।

চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করে র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭তে ছিলেন লিটন, ঢাকা টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির (১৪১) পর আরও ৫ ধাপ এগিয়েছেন ডানহাতি ব্যাটার। সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১২ নম্বরে।

বাংলাদেশি কোনো ব্যাটারের টেস্টে এটাই শীর্ষ অবস্থানের রেকর্ড। তামিম ইকবাল উঠেছিলেন র‌্যাঙ্কিংয়ের ১৪ পর্যন্ত।

সুখবর পেয়েছেন মুশফিকও। প্রথম টেস্টে শতকের পর ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে ছিলেন, মিরপুরে খাদের কিনারায় থাকা বাংলাদেশের হাল ধরেছিলেন, প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ১৭৫ রান। তাতে আরও ৮ ধাপ এগিয়ে মুশির অবস্থান এখন ১৭তে।

অন্যদিকে প্রথম টেস্টে সেঞ্চুরির পর এক লাফে ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন, র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়ে ৩২-এ নেমে গেছেন তিনি।

সাকিব আল হাসান মিরপুরে ইনিংসে ৫ উইকেট নেয়ার পাশাপাশি করেছিলেন ফিফটিও। বোলিংয়ে রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানে নড়চড় হয়নি তার, আছেন ২৯-এ। ব্যাটিংয়েও একই, আগের ৪৩তম অবস্থানেই আছেন তিনি। অলরাউন্ডারদের মধ্যেও আগের অবস্থান চারে আছেন টাইগার তারকা।

লিটন-মুশফিকের মতো দুই টেস্টেই দুর্দান্ত খেলেছেন প্রতিপক্ষের অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির এক রান দূরে ফেরেন ১৯৯ করে। দ্বিতীয় টেস্টেও করেছেন ১৪৫ রান। আর ১১ ধাপ এগিয়ে ২৬ নম্বর থেকে ১৫তে উঠে এসেছেন লঙ্কান অলরাউন্ডার।

বিষয়:আইসিসিতামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকম্যাথুজলিটন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…