এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পঞ্চাশ ও ষাটের দশকের তৎকালীন পূর্ব পাকিস্তানের ফুটবল ও হকির কিংবদন্তি গোলকিপার রণজিৎ দাস মারা গেছেন। সোমবার ভোরে নিজ শহর সিলেটের বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত কারণে গত কয়েকবছর ধরে অসুস্থ ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ ক্রীড়া ব্যক্তিত্ব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে রণজিৎ দাসের মরদেহ। রাতেই শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৫৫ সালে ইস্পাহানি ক্লাবের মাধ্যমে ঢাকার ক্লাব ফুটবলে অভিষেক হয় রণজিৎ দাসের। এরপর একে একে খেলেছেন মোহামেডান ও আজাদ স্পোর্টিংয়ের হয়ে। ১৯৫৮ সালে তার অধিনায়কত্বে আজাদ স্পোর্টিং ঢাকার ফুটবল লিগ শিরোপা জেতে।
কলকাতা মোহামেডানের হয়ে তিনি খেলেছেন সেখানকার ফুটবল লিগ। ফুটবলের পাশপাশি হকিরও দূর্দান্ত গোলকিপার ছিলেন। স্বাধীনতার আগে তখনকার পূর্ব পাকিস্তান দলের হয়ে ফুটবল ও হকির গোলকিপার হিসেবে সুনামের সাথে খেলেছেন রণজিৎ দাস।


