ঈদে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ছবির আইটেম গানে থাকছে চমক! সেখানে দেখা যাবে পোলিশ অভিনেত্রী নাটালিয়া জানোসজেক-কে। গানটিতে ছবির নায়ক সিয়ামের সঙ্গে পারফর্ম করছেন তিনি।
‘রাক্ষস’ প্রযোজনা করছে শাকিব খানের ছবি ‘বরবাদ’-এর প্রডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রডাকশন। এর অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, নাটালিয়া গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এই প্রথম কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন।
নাটালিয়া মূলত পোলিশ অভিনেত্রী। তবে তিনি হলিউড ও বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। হলিউডের আলোচিত ‘৩৬৫ ডেজ’-এর পাশাপাশি তাকে দেখা গেছে বলিউডের ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ -এর মত ছবিতে। সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।
প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরিন সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা।
শেহরিন সুমি তিনি বলেন, অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে।
‘রাক্ষস’এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। খল চরিত্রে দেখা যাবে ভারতীয় অভিনেতা শতাফ ফিগারকে।







