১২ দিন জেলে থাকার পরে অনেক কাঠখড় পুড়িয়ে জামিন পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব। গত ১৬ ফেব্রুয়ারি ৯ কোটি টাকার চেকবাউন্স মামলায় অন্তর্বতী জামিন পেয়েছেন রাজপাল।
জামিন পাওয়ার পর উত্তরপ্রদেশে নিজের বাড়িতে যান তিনি। সেখানে ভাইঝির বিয়েতে জমিয়ে নাচও করেন অভিনেতা। তবে জেলবন্দি থাকাকালীন সময়টা খুব সহজ ছিল না রাজপালের জন্য।
অভিনেতা জানান, অভিনেতা হয়েও জেলে বাড়তি কোন সুবিধা পাননি তিনি। বরং বাকি বন্দিদের মতোই জেলে দিন কেটেছে অভিনেতার। সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হতো। তবে জেলের বাকি বন্দিরা নাকি সারি বেঁধে দেখতে আসত রাজপালকে।
জানা গেছে, কুখ্যাত দুষ্কৃতী ছোটা রাজন এক সময় যে সেলে থাকতেন, সেই কক্ষেই রাখা হয়েছিল অভিনেতাকে। জেলের সমস্ত নিয়ম মেনে তাকে চলতে হতো।
তবে এসব কিছুর চেয়ে পরিবারের থেকে দূরে থাকতে হচ্ছে বলে বেশি কষ্ট পেতেন তিনি। এ প্রসঙ্গে রাজপাল বলেন, ‘কাছের মানুষদের থেকে দূরে থাকার মতো কষ্ট আর কিছুতে নেই। অস্থির হয়ে পড়েছিলাম মানসিকভাবে। মানসিক শান্তি বজায় রাখতে নিয়ম করে রোজ যোগাসন করতাম।’
জেল থেকে জামিনে মুক্তি পেয়েই রাজপাল দাবি করেছেন, দ্রুত জেল সংস্কার করা প্রয়োজন। তার মতে সংশোধনাগারের আধুনিকীকরণ দরকার।- মিড ডে








