ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তী সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা তুঙ্গে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি এখন শুটিং ফ্লোরে। এই বহুল প্রতীক্ষিত প্রজেক্টে ‘দাদা’র চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও।
বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুটিং শুরুর খবর জানিয়ে রোমাঞ্চিত রাজকুমার লিখেছেন, “অবশেষে এটি শুরু হল… ওয়ান অ্যান্ড অনলি #DADA”- যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।
ছবিটি নিয়ে আলোচনা আরও বাড়ে যখন কয়েক মাস আগে রাজকুমারের বদলে যাওয়া চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়। ওজন বেড়ে যাওয়া এবং নতুন হেয়ারস্টাইল দেখে অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে অভিনেতা নিজেই স্পষ্ট করেন, এটি আসলে তার চরিত্রের প্রস্তুতির অংশ।
তিনি জানান, “নিকামের জন্য আমাকে প্রায় ৯-১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল এবং আমি ২টি করে পিজ্জা এবং প্রচুর মিষ্টি খাচ্ছিলাম এবং আমার প্রিয় আলু পরোটা, বিরিয়ানি সব খেতাম। আশা করছি, শিগগির মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। যখন দেখবেন, তখন আপনি ছবিতে সেই সমস্ত কঠোর পরিশ্রম দেখতে পাবেন। এখন এই অতিরিক্ত ওজন হ্রাস করার এবং গাঙ্গুলী হয়ে পর্দায় নিজেকে প্রস্তুত হওয়ার জন্য নিজেকে তৈরী করেছি।”
এই বায়োপিকের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে সম্প্রতি তার পুরো টিম নিয়ে কলকাতায় আসেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশন ঘুরে দেখেন এবং বাস্তবসম্মতভাবে গল্পটি তুলে ধরার জন্য রেকি করেন।
সব মিলিয়ে, সৌরভ গাঙ্গুলী জীবনের উত্থান-পতনের গল্প বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ক্রিকেট মাঠে তার আগ্রাসী নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় দলের ইতিহাসে তার অমর অবদান- সবই এই ছবিতে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।







