তীব্র গরমে হাঁসফাঁস করা রাজধানী ঢাকায় অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেলের দিকে রাজধানীর আকাশ কালো করে নেমে আসে বজ্রসহ বৃষ্টি।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর মহানগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে বেলা ৩টার পর থেকেই আকাশে মেঘ জমতে দেখা যায়।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের দুর্ভোগ ছিল চরমে। তবে আজকের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
তেজগাঁয়ের দোকানি ইউসুফ বলেন, কয়েকদিন ধরে গরমে কাজ করা খুব কষ্ট হচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি লাগছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।


