রাজধানীর আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ এপ্রিল) সকালে র্যাব-২ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট সেবা প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি দালাল চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এরই প্রেক্ষিতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
বুধবার (৮ এপ্রিল) এ বিষয়ে পাসপোর্টের উপপরিচালক ইসমাইল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দালালদের খপ্পরে না পড়ে সেজন্য নিজ তত্ত্বাবধানে পাসপোর্টের ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে সরাসরি পাসপোর্ট অফিসের সহায়তা নিন।
তিনি আরও বলেন, পাসপোর্ট সংক্রান্ত সব সেবা এখন সহজ ও স্বচ্ছভাবে প্রদান করা হচ্ছে, তাই দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ খরচের কোনো প্রয়োজন নেই।







