বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা থেকে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
শনিবার (৪ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাত নিয়ে পশ্চিমাদের তীব্র প্রতিক্রিয়ার কথা সবাই মনে রেখেছে কিনা। একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে চারবার হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের হামলার ফলে সৃষ্ট ‘রেডিওঅ্যাকটিভ ফলআউট’ বা তেজস্ক্রিয় বিকিরণ তেহরানের চেয়েও বেশি ক্ষতি করতে পারে গ্লাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশগুলোর রাজধানীগুলোতে, যা জীবনধারণের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
আরাঘচি অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প খাতে হামলার মধ্য দিয়ে আক্রমণকারীদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠছে।
উল্লেখ্য পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য সম্ভাব্য তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।







