মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার কনসার্ট। শনিবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ের অনুষ্ঠিত হওয়া সেই কনসার্টে যেন বসেছিল চাঁদের হাট! ডুয়া লিপার মুম্বাই কনসার্টে এদিন উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় ব্যক্তিত্ব।
এক কথায় বলতে গেলে ব্যবসায়ী থেকে শুরু করে বলিউড অভিনেতারা চাঁদের হাট বসিয়েছিলেন। এদিনের এই অনুষ্ঠানে এসেছিলেন অনন্ত আম্বানির স্ত্রী তথা আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা মার্চেন্ট। ছিলেন তার নন্দাই অর্থাৎ ইশা আম্বানির বর আনন্দ পরিমল। তবে একই পরিবারের হলেও তারা এদিন আলাদা আলাদা গাড়ি করে এসেছিলেন।
অন্যদিকে বলিউড থেকে এসেছিলেন রণবীর শোরে। সঙ্গে ছিল তার এবং কঙ্কনা শর্মার ছেলে হারুন। এছাড়া নম্রতা শিরোদকর তার মেয়ে সিতারাকে নিয়ে এসেছিলেন। ছিলেন নেহা শর্মা এবং তার বোন অ্যায়শা শর্মা। অপূর্ব মেহতাও এসেছিলেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, মুম্বাইয়ে অনুষ্ঠিত জোম্যাটো ফিডিং ইন্ডিয়া এই কনসার্টে ডুয়া লিপার সঙ্গে জনিতা গান্ধী, তালউইন্দর সহ আরও অনেকেই পারফর্ম করেছিলেন।
এই কনসার্টে এদিন ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবির ‘ও লাড়কি জো’ গানটির ম্যাশাপ বাজান। এই ম্যাশাপটি তার এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। সেটার থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো তিনি এদিন এই গানটি পারফর্ম করেন। আর সেই পারফর্মেন্সের একাধিক ভিডিও এখন ভাইরাল।








